স্পেনে পাহাড়চূড়ায় ১০০০ বছরের ইসলামী ঐতিহ্যের সাক্ষী যে মসজিদ
স্পেনের দক্ষিণাঞ্চলের একটি পাহাড়চূড়ায় দাঁড়িয়ে আছে প্রায় এক হাজার বছরের পুরোনো আলমোনাস্তের লা রেয়াল মসজিদ। ইউরোপের সবচেয়ে প্রাচীন গ্রামীণ মসজিদগুলোর একটি হিসেবে মসজিদটি আজও আন্দালুসিয়ার…
ইসলামে হালাল উপার্জনকে ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। উপার্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো ব্যবসা-বাণিজ্য। স্বয়ং রাসুলুল্লাহ (সা.) ব্যবসা করেছেন এবং সৎ ব্যবসায়ীদের সুসংবাদ দিয়েছেন। তিনি বলেছেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ী কিয়ামতের দিন নবী, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে থাকবেন।’ (তিরমিজি, হাদিস: ১২০৯)
তবে ব্যবসায় শুধু মুনাফা অর্জনই বড় কথা নয়, বরং আয়ে ‘বরকত’ থাকা অত্যন্ত জরুরি। অনেক সময় বেশি লাভের আশায় বা সাময়িক মোহে ব্যবসায়ীরা এমন কিছু কাজ করে বসেন, যার ফলে ব্যবসায় বাহ্যিক লাভ দেখা গেলেও প্রকৃত বরকত নষ্ট হয়ে যায়। কোরআন ও সুন্নাহর আলোকে এমন কয়েকটি কাজ নিচে আলোচনা করা হলো:
মিথ্যা কসম খাওয়া
পণ্য বিক্রির জন্য অহরহ মিথ্যা কসম খাওয়া ব্যবসার বরকত নষ্ট করার অন্যতম প্রধান কারণ। অনেক ক্রেতা বিক্রেতার কসম শুনে পণ্য কিনে নেন, কিন্তু এর পরিণতি ভয়াবহ। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘(মিথ্যা) কসম পণ্য বিক্রি বাড়িয়ে দেয় বটে, কিন্তু তা ব্যবসার বরকত নিশ্চিহ্ন করে দেয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৮৭; সহিহ মুসলিম, হাদিস: ১৬০৬)
পণ্যের দোষ গোপন করা ও প্রতারণা
পণ্যের আসল অবস্থা ক্রেতার কাছে তুলে ধরাই ইসলামের বিধান। ভালো পণ্যের নিচে খারাপ পণ্য লুকিয়ে রাখা বা ত্রুটি গোপন করে বিক্রি করলে ব্যবসার বরকত উড়ে যায়। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘ক্রেতা ও বিক্রেতা যতক্ষণ পরস্পর বিচ্ছিন্ন না হয়, ততক্ষণ তাদের চুক্তি বাতিলের অধিকার থাকে। যদি তারা সত্য বলে এবং পণ্যের অবস্থা পরিষ্কারভাবে বর্ণনা করে, তবে তাদের লেনদেনে বরকত দেওয়া হয়। আর যদি তারা মিথ্যা বলে এবং দোষ গোপন করে, তবে তাদের লেনদেনের বরকত নষ্ট করে দেওয়া হয়।’ (সহিহ বুখারি, হাদিস: ২০৭৯)
অন্য হাদিসে নবীজি (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি আমাদের সঙ্গে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।’ (সহিহ মুসলিম, হাদিস: ১০২)
ওজনে কম দেওয়া
ওজনে বা মাপে কম দেওয়া জঘন্য অপরাধ। এটি শুধু বরকতই নষ্ট করে না, বরং আল্লাহর গজব ডেকে আনে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘দুর্ভোগ তাদের জন্য, যারা মাপে কম দেয়। যারা মানুষের কাছ থেকে মেপে নেওয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে, আর যখন তাদের মেপে বা ওজন করে দেয়, তখন কম দেয়।’ (সুরা মুতাফফিফিন, আয়াত: ১-৩)
সুদ ও অবৈধ লেনদেন যুক্ত করা
ব্যবসার মূলধনে বা লেনদেনে সুদের মিশ্রণ ঘটলে সেই সম্পদ থেকে আল্লাহ বরকত উঠিয়ে নেন। সুদকে আল্লাহ তাআলা ধ্বংসের কারণ হিসেবে আখ্যায়িত করেছেন। পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, ‘আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং সদকাকে বর্ধিত করেন। আল্লাহ কোনো অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২৭৬)
মজুতদারি বা কৃত্রিম সংকট তৈরি করা
বেশি লাভের আশায় নিত্যপ্রয়োজনীয় পণ্য আটকে রেখে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। এতে মানুষের কষ্ট হয় এবং ব্যবসায়ীর সম্পদে অভিশাপ নেমে আসে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘পাপী ছাড়া অন্য কেউ মজুতদারি করে না।’ (সহিহ মুসলিম, হাদিস: ১৬০৫)
দুনিয়ার সাময়িক লাভের চেয়ে আখেরাতের মুক্তি এবং হালাল রিজিকের বরকত মুমিনের কাছে বেশি দামি। উপার্জনে বরকত থাকলে অল্প সম্পদেও প্রশান্তি মেলে। তাই প্রতিটি ব্যবসায়ীর উচিত মিথ্যা, প্রতারণা, সুদ, মজুতদারি এবং মাপে কম দেওয়ার মতো জঘন্য কাজগুলো থেকে নিজেকে সম্পূর্ণ মুক্ত রাখা। আল্লাহ আমাদের হালাল উপার্জনে বরকত দান করুন।
চাঁপাইবার্তা/ডিএন।।
স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud