চাঁপাইনবাবগঞ্জ | বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬ - ১২:১৭ পি.এম

২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ

  • 7:16 pm - September 02, 2026

আগামী বছর অর্থাৎ ২০২৭ সালের (হিজরি ১৪৪৮) পবিত্র রমজান মাস কবে শুরু হতে পারে এবং ঈদুল ফিতর কবে উদযাপিত হতে পারে, তার একটি সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘জর্ডান নিউজ’। জ্যোতির্বিজ্ঞানের হিসাবের ওপর ভিত্তি করে প্রকাশিত এই তথ্যে রমজান ও ঈদের সম্ভাব্য সময়কাল তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৭ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পবিত্র রমজান মাস শুরু হতে পারে ৮ ফেব্রুয়ারি, সোমবার। সৌদি আরবের হিজরি ক্যালেন্ডার সংক্রান্ত একটি ওয়েবসাইটেও একই দিনকে রমজানের সম্ভাব্য প্রথম দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব অনুযায়ী, ১৪৪৮ হিজরি সনের শাবান মাসের ২৯ তারিখ বা ৬ ফেব্রুয়ারি (শনিবার) রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। তবে ওইদিন চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা ক্ষীণ থাকায় শাবান মাস ৩০ দিন পূর্ণ হতে পারে। সেই হিসেবে ৭ ফেব্রুয়ারি রবিবার হবে শাবান মাসের শেষ দিন এবং ৮ ফেব্রুয়ারি সোমবার থেকে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা প্রবল।

একই প্রতিবেদনে ঈদুল ফিতরের বিষয়েও পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, ২০২৭ সালের রমজান মাস ২৯ দিনের হতে পারে। সেই অনুযায়ী, ৮ মার্চ সোমবার রমজান শেষ হওয়ার এবং ৯ মার্চ মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, এই তারিখগুলো সম্পূর্ণভাবে জ্যোতির্বিজ্ঞানভিত্তিক সম্ভাব্য হিসাব। ইসলামি বিধান অনুযায়ী, রমজান মাসের শুরু ও ঈদুল ফিতরের চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট দেশের আকাশে চাঁদ দেখার ওপর ভিত্তি করেই ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ভৌগোলিক অবস্থানের পার্থক্যের কারণে বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর এক দিন পর পবিত্র রমজান শুরু হয় এবং ঈদুল ফিতর উদযাপিত হয়ে থাকে।

চাঁপাইবার্তা/ডিকেএন।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud