চাঁপাইনবাবগঞ্জ | সোমবার, জুলাই ২৭, ২০২৬ - ৪:২৯ এ.এম

পানিতে তলিয়ে গেলেন স্বামী, ঝাঁপ দিয়ে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

  • 6:37 pm - July 26, 2026

নওগাঁর বদলগাছী উপজেলায় খারিতে গোসল করতে নেমে পানিতে ডুবে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। স্বামী পানিতে তলিয়ে যাওয়ার পর তাকে উদ্ধারের আশায় স্ত্রীও পানিতে ঝাঁপ দেন। পরে স্থানীয়রা দুজনকেই পানির নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামের আবুল কাশেমের ছেলে নুর ইসলাম (২২) এবং নওগাঁর বদলগাছী উপজেলার কার্তিকাহার গ্রামের শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮)। তারা স্বামী-স্ত্রী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার দুপুরে নুর ইসলাম কার্তিকাহার খারিতে গোসল করতে যান। একপর্যায়ে তিনি পানিতে ঝাঁপ দেওয়ার পর আর ভেসে ওঠেননি। স্বামীকে পানিতে দেখতে না পেয়ে তাকে উদ্ধারের জন্য স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনই পানির গভীরে তলিয়ে যান।

বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পানিতে তল্লাশি চালান। পরে স্বামী-স্ত্রী দুজনকেই পানি থেকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত দম্পতির মরদেহ বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যরা এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্বামী-স্ত্রীর এমন মর্মান্তিক মৃত্যুতে কার্তিকাহার গ্রামসহ স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।ডেইলি-বাংলাদেশ।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud