চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, মার্চ ১৮, ২০২৬ - ১:৫৬ এ.এম

রাজশাহীতে ৫ টাকায় ‘খুশির হাট’

  • 7:24 pm - March 17, 2026

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজশাহীতে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারী উদ্যোক্তাদের অনলাইনভিত্তিক ফোরাম হাউস অব বিউটি ব্লুম।

সংগঠনটি মাত্র ৫ টাকার বিনিময়ে নিম্ন আয়ের মানুষের মাঝে প্রয়োজনীয় ঈদ খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেছে। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর হেতেমখাঁ জাদুঘর মোড়ে বসে এই ৫ টাকার ঈদ খুশির হাট।

সাধারণত ত্রাণ বা দান হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হলেও এখানে নেওয়া হয়েছে ভিন্ন উদ্যোগ। প্রায় এক হাজার নিম্ন আয়ের মানুষ এই কর্মসূচির আওতায় ৫ টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য সংগ্রহের সুযোগ পান।

সেমাই, চিনি, তেল ও চালের মধ্য থেকে পছন্দের যেকোনো একটি পণ্য কেনার সুযোগ দেওয়া হয়। পাশাপাশি সংগ্রহে রাখা হয় নতুন ও পুরনো জামাকাপড়।

আয়োজকরা জানান, মানুষের আত্মসম্মান বজায় রাখতেই তারা সরাসরি দান না করে নামমাত্র মূল্যে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন। এতে করে সুবিধাভোগীরা সম্মানের সাথে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে পারেন। এই আয়োজনে ধর্ম-বর্ণ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

লাইনে দাঁড়িয়ে পণ্য সংগ্রহ করা এক সুবিধাভোগী বলেন, “৫ টাকায় এই সহায়তা পেয়ে আমাদের অনেক উপকার হয়েছে।”

৫ টাকায় পণ্য কিনতে আসা প্রতিবন্ধী আসাদুল ইসলাম বলেন, “দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ৫ টাকায় সেমাই পেয়েছি। এতে আমি অনেক খুশি।”

রাহেলা বেগম নামের একজন বলেন, “৫ টাকায় একটি নতুন জামা পেয়েছি। বাড়িতে নিয়ে গেলে আমার মেয়েটি অনেক খুশি হবে।”

আয়োজকদের মতে, ঈদের আনন্দ শুধু নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সকল মানুষের মাঝে ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

নারী উদ্যোক্তাদের এমন সম্মিলিত প্রচেষ্টা সমাজের অন্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন স্থানীয়রা।

চাঁপাইবার্তা/ডিএন।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud