চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, এপ্রিল ২৬, ২০২৬ - ৬:০৭ পি.এম

হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে: নাহিদ

  • 9:33 pm - March 11, 2026

শরিফ ওসমান হাদি হত্যার বিচার বাংলাদেশের মাটিতেই হতে হবে এবং তা অবশ্যই ন্যায়বিচার হতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি বলেন, “এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তথাকথিত ‘ডিপ স্টেট’ এবং দেশি-বিদেশি চক্রকেও আইনের আওতায় আনতে হবে।”

মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী টিচার্স ট্রেনিং কলেজ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত রাজশাহী বিভাগীয় ইফতার সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “ঋণখেলাপিদের সংসদে স্থান দিয়ে কিংবা ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির পরিবর্তন সম্ভব নয়।”

তিনি বলেন, “১২ মার্চ ফ্যাসিস্ট দলের দোসর রাষ্ট্রপতির বক্তব্য শুনতে আমরা সংসদে যাব না। আমরা সংসদে যাব গণভোটে বিপুলসংখ্যক মানুষের যে রায় এসেছে তার বাস্তবায়ন, উচ্চকক্ষ গঠন এবং সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রক্রিয়া এগিয়ে নিতে।”

সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, “বাংলাদেশে এখনও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি।”

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও কারচুপি হয়েছে দাবি করে তিনি বলেন, “সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।”

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম শিক্ষা নিয়ে সরকারের বর্তমান নীতির সমালোচনা করেন। তিনি বলেন, “সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটিতে থাকতে এখন আর শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই; অথচ অন্তর্বর্তী সরকারের সময় স্নাতক পাস বাধ্যতামূলক করা হয়েছিল।“

বাংলাদেশের শিক্ষাব্যবস্থা নিয়ে কোনো ধরনের পাঁয়তারা করতে দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ারি দেন।”

রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন তার বক্তব্যে বলেন, “দেশের মানুষ এই সংসদের ওপর আস্থা রেখেছেন।”

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা মোসাদ্দেক হোসেন বুলবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে বক্তব্য দেন।

এনসিপির দাবি অনুযায়ী, এই ইফতার সমাবেশে অন্তত দুই হাজার কর্মী-সমর্থক ও অতিথি উপস্থিত ছিলেন।

চাঁপাইবার্তা/ডিএন।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud