চাঁপাইনবাবগঞ্জ | বৃহস্পতিবার, সেপ্টেম্বর ০৩, ২০২৬ - ১২:১৫ পি.এম

বৃষ্টিপাতে চাঁপাইনবাবগঞ্জে বাড়ছে ডেঙ্গু রোগীর চাপ

  • 6:45 pm - September 02, 2026

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বাড়ছে। বুধবার (২ সেপ্টেম্বর) পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে হাসপাতালটিতে মোট ৭০ জন ডেঙ্গু রোগী ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। চিকিৎসাধীন রোগীদের মধ্যে ৩৩ জন পুরুষ, ৩০ জন নারী এবং ৭ জন শিশু (৬ জন ছেলে ও ১ জন মেয়ে) রয়েছেন।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর লক্ষণ নিয়ে নতুন করে আরও ৩০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন ভর্তি রোগীদের মধ্যে নারীদের সংখ্যাই বেশি ১৩ জন। এছাড়া ১১ জন পুরুষ এবং ৬ জন শিশু (৪ জন ছেলে ও ২ জন মেয়ে) রয়েছেন।

​অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৫ জন রোগী। ছাড়পত্র পাওয়া রোগীদের মধ্যে ৬ জন পুরুষ, ১০ জন নারী এবং ৯ জন শিশু (৫ জন ছেলে ও ৪ জন মেয়ে) রয়েছে। পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য ৬ জন রোগীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে স্বস্তির খবর হলো, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

​হাসপাতালের পরিসংখ্যানে দেখা যায়, চলতি ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে সর্বমোট ৮২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। কেবল আন্তঃবিভাগেই নয়, হাসপাতালের বহির্বিভাগেও নিয়মিত ডেঙ্গু রোগী শনাক্ত হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত হওয়া রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬১৫ জনে। তবে চলতি বছর এখন পর্যন্ত এই হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি।

​পরিস্থিতি সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মাহবুব হাসান জানান, সম্প্রতি বৃষ্টিপাতের কারণে ডেঙ্গু রোগীর চাপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে ডেঙ্গু কর্নার প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ পর্যাপ্ত মজুত রয়েছে। কিছুটা চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও রোগীদের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

চাঁপাইবার্তা/ডিএম।।

স্বত্ব © চাঁপাইবার্তা.কম - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @Softs Cloud